আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুরবাড়ির লোকজন পলাতক

চট্টগ্রাম আনোয়ারায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পালিয়ে গেছে। মেয়ের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।

নিহত গৃহবধূর নাম হালিমা আক্তার মুন্নি (২১)। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চন মুন্সির বাড়ির মো. ইসহাকের মেয়ে। তাঁর এক বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার স্বামী মিজানুর রহমান পশ্চিম বরৈয়া এলাকার কালু মাঝির বাড়ির নবী হোসেনের ছেলে।

রোববার (১০ মে) ভোরে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকার শ্বশুরবাড়ির নিজ শয়নকক্ষ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা মো. ইসহাক বলেন, সকালে মেয়ের স্বামী ফোন করে জানায় যে, হালিমা আত্মহত্যা করেছে। তবে তিনি দাবি করেন, ঘটনাটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মেয়ের পা মাটির সঙ্গে লাগানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন ধরে নির্যাতন করত বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শনকারী আনোয়ারা থানার এসআই মো. বাশার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের বাবার বাড়ির লোকজন উপস্থিত থাকলেও শ্বশুরবাড়ির কেউ ছিল না তারা পালিয়ে যায়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা, তা তদন্তের পর জানা যাবে।

এএইচ

ksrm