আগ্রাবাদের লেমনগ্রাস ও কাচ্চি ডাইনে অস্বাস্থ্যকর পরিবেশ, অর্থদণ্ড ৫০ হাজার
সিজলের মিষ্টিতে মরা পিঁপড়ার ঝাঁক
চট্টগ্রাম নগরের ভোজনরসিকদের প্রিয় ‘কাচ্চি ডাইন’ ও লেমনগ্রাস রেস্টুরেন্ট ধরা খেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। এছাড়া সিজলের মিষ্টিতে পাওয়া গেছে মরা পিঁপড়ার ঝাঁক।
মঙ্গলবার (১৯ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং জেলা কার্যালয় এই অভিযান চালায়।
তথ্যসূত্র বলছে, আগ্রাবাদের লেমনগ্রাস রেস্টুরেন্ট খাবার তৈরি করছিল অস্বাস্থ্যকর পরিবেশে। এসব অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় লেমনগ্রাসকে।
অভিযানে একই এলাকার, কাচ্চি ডাইনের অনিয়মের চিত্রও উঠে আসে। রেস্টুরেন্ট অপরিচ্ছন্ন থাকায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া অপর অভিযানে নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় একটি হোটেল ও মিষ্টি বিপণী প্রতিষ্ঠান ‘সিজলকে’ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে বাসি বার্গার ও মোগলাই ডিপ ফ্রিজে রেখে বিক্রি, মেয়াদবিহীন দই এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ‘মোহরা হোটেল’কে, ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সিজলকে মেয়াদ উত্তীর্ণ মিষ্টান্ন, মেয়াদের স্টিকার উঠিয়ে বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় ছিলেন, বিভাগীয় অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক মাহমুদা আক্তার, সহকারী পরিচালক রানা দেবনাথ।
ডিজে




