আইনজীবী আলিফ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বাবা

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথমদিনে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদি আলিফের বাবা জামাল উদ্দিন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে জাহিদুল হকের আদালতে নিহত আইনজীবীর বাবা ও মামলার বাদি জামাল উদ্দিন জবানবন্দি দেন।

জবানবন্দি শেষে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী তাকে জেরা করার জন্য আদালতের কাছে সময়ের আবেদন করলে শুনানি শেষে আদালত ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

এর আগে সকালে শুনানির শুরুতে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কারাগারে থাকা এই মামলার অন্যতম আসামি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া অপর আসামিদের আদালতে হাজির করা হয়। কিন্তু এবার নিরাপত্তার স্বার্থে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলহাজত থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা বাদি জামাল উদ্দিন বলেন, আমি ন্যায়বিচার চাই। সরকারের কাছে আবেদন যেন দ্রুত বিচার হয়। আসামিপক্ষ সময় ক্ষেপণের চেষ্টা করছে।

বাদির আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, এ বিচার বিলম্বিত করার জন্য একটি পক্ষ চেষ্টা করছে। বাদির আংশিক জেরা সম্পন্ন হয়েছে। সারাদেশ মানুষ এই মামলার বিচারের দিকে চেয়ে আছে।

চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য্য বলেন, এই মামলা থেকে চিন্ময় দাসের অব্যাহতি চেয়ে হাইকোর্টে আবেদন জমা দেওয়া হয়েছে। এখনও কোনও আদেশ পাইনি। তাই চিন্ময় দাশের পক্ষে জেরা করতে সময় চেয়েছি। আদালত সময় মঞ্জুর করে পরবর্তী দিন ধার্য করেছেন।

২০২৪ সালের ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদোহের অভিযোগে গ্রেপ্তার করে পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। তার অনুসারীরা তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে এবং কারাগারে নিয়ে যেতে বাধা প্রধান করে। অনুসারীরা আদালত চত্বরে ভাংচুর ও তান্ডব চালায়। বিক্ষোভের একপর্যায়ে আদালতের অদূরে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা।

এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদি হয়ে কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এরপর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আরএ/ডিজে

ksrm