চট্টগ্রামের পটিয়ায় এক ছড়া কলা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২ আগস্ট) পটিয়া থানায় দায়ের করা মামলায় আটক আনোয়ারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া তার বাবা, ভাই ও বোনসহ মোট ছয়জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
একইদিন দুপুরে আনোয়ারকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. লোকমান হাকিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, পরবর্তী সময়ে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।
গত শুক্রবার রাতে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মোনাফ হাজী পাড়ায় হত্যার এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, তোহার বাড়ির একটি কলাগাছ থেকে কলার ছড়া কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় তোহার ওপর হামলা চালানো হলে গুরুতর আহত অবস্থায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ঘটনাটি শুধু কলা চুরিকে কেন্দ্র করে নয় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের জমিজমা ও সামাজিক বিরোধও এর পেছনে ভূমিকা থাকতে পারে। তাই তদন্তে সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, প্রধান আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
এদিকে মোহাম্মদ তোহার হত্যার প্রতিবাদে রোববার সকালে পটিয়া আদালত চত্বরে অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এএইচ




