অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিংয়ে চট্টগ্রামে একত্র হলেন ৫০ উদ্যোক্তা
নেক্সট লিডার্সের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার’
চট্টগ্রামের উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, নেটওয়ার্কিং এবং ব্যবসা পরিচালনার বাস্তব চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’ আয়োজন করেছে গ্রোথ অ্যান্ড মার্কেটিং এজেন্সি নেক্সট লিডার্স। শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম হাই-টেক পার্কে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৫০ জন এসএমই উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশ নেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা, বিক্রয়, বিপণন, ব্যবসার প্রবৃদ্ধি এবং উদ্যোক্তাদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে পারস্পরিক পরিচিতি, সহযোগিতা এবং নতুন ব্যবসায়িক সংযোগ তৈরির সুযোগও সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই। ই-কমার্স, ব্যবসা উন্নয়ন ও বিপণন খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই উদ্যোক্তা পুরো সেশনটি পরিচালনা করেন এবং অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা খোলামেলাভাবে ভাগ করে নেওয়ার আহ্বান জানান।
ওমর শরীফ ইবনে হাই বলেন, উদ্যোক্তারা প্রায়ই একই ধরনের সমস্যার মুখোমুখি হন। তবে সেসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ খুবই সীমিত। তাঁর ভাষ্য, এ আয়োজন অভিজ্ঞতা বিনিময় ও কার্যকর নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরেছে। অংশগ্রহণকারীদের উৎসাহব্যঞ্জক উপস্থিতি ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজন করতে তাঁদের অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে নেক্সট লিডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমএ আহাদ, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) সালেমিন হোসেন এবং প্রধান পারফরম্যান্স মার্কেটিং কর্মকর্তা (সিপিএমও) তন্ময় দত্ত অনলাইন ব্যবসার গ্রোথ হ্যাকিং, ব্র্যান্ডিং এবং পারফরম্যান্স মার্কেটিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ ছাড়া মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআর ম্যানেজমেন্ট), ফাউন্ডার্স ব্র্যান্ডিংসহ উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
নেক্সট লিডার্স জানিয়েছে, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং কার্যকর ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলতে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজন করা হবে।




