অপারেশন থিয়েটারেই চুলা জ্বালিয়ে রান্না, ওটির ভেতরেই ইফতার উৎসব!
চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষেই চুলা জ্বালিয়ে রান্না ও ইফতারের আয়োজন করার অভিযোগ উঠেছে। রমজান মাসে এমন ঘটনার একটি ভিডিও সামনে আসার পর বিষয়টি নিয়ে স্বাস্থ্যখাতে বিস্ময় ও প্রশ্ন তৈরি হয়েছে। চট্টগ্রাম প্রতিদিনের হাতে আসা ওই ভিডিওতে দেখা গেছে, অস্ত্রোপচার কক্ষের ভেতরেই রান্না থেকে শুরু করে ইফতার প্রস্তুতির পুরো কার্যক্রম চলছে।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বায়েজিদ এলাকার চন্দ্রনগরে অবস্থিত মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে। গত বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় হাসপাতালটির দ্বিতীয় তলায় অবস্থিত জেনারেল ওটির ১ নম্বর অস্ত্রোপচার কক্ষের ভেতরে এ আয়োজন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্রগুলো জানায়, পবিত্র রমজান উপলক্ষে ওইদিন সন্ধ্যায় হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত জেনারেল ওটির ভেতরে চুলা জ্বালিয়ে ইফতারের আয়োজন করা হয়। উদ্যোগটি নেন হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা. মামুনুর রহমান।
হাতে আসা ভিডিওতে দেখা যায়, অস্ত্রোপচার কক্ষের ভেতরেই চুলা জ্বালিয়ে রান্না করা হচ্ছে। ওটির যন্ত্রপাতি রাখার টেবিল ব্যবহার করে সেখানে ইফতারের বিভিন্ন খাবার প্রস্তুত করা হচ্ছে। খাবার প্রস্তুতের পর ধোয়া-মোছার কাজও একই কক্ষেই করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্যের জন্য প্রফেসর ডা. মামুনুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, অস্ত্রোপচার কক্ষ হাসপাতালের সবচেয়ে সংবেদনশীল ও জীবাণুমুক্ত পরিবেশের একটি জায়গা। সেখানে রান্না বা এ ধরনের কর্মকাণ্ড হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিপন্থী হতে পারে এবং এতে রোগী নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হতে পারে।
সিপি




